অব্যাহতি পেল বিমানভাড়া: সোমবার থেকে দামী হচ্ছে অভ্যন্তরীণ আকাশপথের টিকিট

অভ্যন্তরীণ বিমান পরিষেবায় টিকিটের দামের সর্বোচ্চ সীমা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। আগামী সোমবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। মূলত পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়ায় উড়ান সংস্থাগুলো প্রবল লোকসানের সম্মুখীন হচ্ছিল। এই সংকট কাটাতে ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স’-এর আবেদনের ভিত্তিতেই কেন্দ্র এই পদক্ষেপ গ্রহণ করল।
গত ডিসেম্বরে যাত্রীদের স্বার্থ রক্ষায় ৫০০ থেকে ১৫০০ কিলোমিটারের বেশি দূরত্বের গন্তব্যে টিকিটের দাম ৭,৫০০ থেকে ১৮,০০০ টাকার মধ্যে বেঁধে দিয়েছিল সরকার। কোভিড পরবর্তী পরিস্থিতি এবং ইন্ডিগোর পরিষেবা বিপর্যয়ের জেরে ভাড়া আকাশছোঁয়া হওয়ায় এই সাময়িক নিয়ন্ত্রণ জারি করা হয়েছিল। তবে বর্তমান বাজার পরিস্থিতির চাপে সেই নিয়ন্ত্রণ তুলে নেওয়ায় এখন থেকে বিমানভাড়া পুরোপুরি বাজারের চাহিদার ওপর নির্ভর করবে, যা সাধারণ যাত্রীদের জন্য ব্যয়বহুল হতে পারে।
সরকার সর্বোচ্চ সীমা তুলে নিলেও উড়ান সংস্থাগুলোকে কড়া সতর্কবার্তা দিয়েছে। বিমানভাড়া যাতে স্বচ্ছ, যুক্তিপূর্ণ এবং বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীস্বার্থ বিঘ্নিত করে অযৌক্তিক হারে ভাড়া বাড়ানো হলে কেন্দ্র পুনরায় হস্তক্ষেপ করবে বলেও জানানো হয়েছে। পশ্চিম এশিয়ার অস্থিরতায় এয়ার ইন্ডিয়া বা ইন্ডিগোর মতো সংস্থাগুলো ইতিমধ্যেই জ্বালানি সারচার্জ বসানোয় আগামী সপ্তাহ থেকে বিমানভাড়া উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।