ওসমান হাদি হত্যা মামলা: আদালতে দায় অস্বীকার ধৃত ফয়সালের, ১৪ দিনের জেল হেফাজত

বাংলাদেশে ছাত্রনেতা ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ধৃত ফয়সাল করিম রবিবার বিধাননগর আদালতে নিজের দোষ অস্বীকার করেছেন। গত ডিসেম্বরে বাংলাদেশে প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ হয়ে হাদির মৃত্যুর পর অভিযুক্তরা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেছিল বলে পুলিশের দাবি। আদালতে পেশের সময় ফয়সাল জানান যে তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। তবে তাকে ফাঁসানো হয়েছে কি না, সেই প্রশ্নের উত্তরে অভিযুক্ত মুখে কুলুপ এঁটেছেন।
রাজ্য পুলিশের এসটিএফ উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত থেকে দুই বাংলাদেশি নাগরিক—ফয়সাল করিম মাসুদ ও আলমগির হোসেনকে গ্রেফতার করে। গোয়েন্দা সূত্রে খবর, মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর তারা বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিল। দীর্ঘ তল্লাশির পর অবশেষে তাদের জালে আনতে সক্ষম হয় এসটিএফ। ধৃতদের জেরা করে এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরও কোনো প্রভাবশালী চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রবিবার আদালত শুনানির পর ধৃত দুই অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ওদিকে বাংলাদেশ পুলিশ আগেই দাবি করেছিল যে হাদির ঘাতকরা ভারতে পালিয়ে এসেছে। যদিও প্রাথমিক পর্যায়ে দিল্লি সেই সম্ভাবনা নাকচ করেছিল, কিন্তু সাম্প্রতিক এই গ্রেফতারি তদন্তে নতুন মোড় এনেছে। ধৃত ফয়সালের বয়ান এবং এই ঘটনায় বড় কোনো ষড়যন্ত্রের সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।