ভোটলুঠ ও রিগিং রুখতে ভাঙড়ে কড়া বার্তা অজয় নন্দার, সরজমিনে থানা পরিদর্শনে ডিআইজি

ভোটলুঠ ও রিগিং রুখতে ভাঙড়ে কড়া বার্তা অজয় নন্দার, সরজমিনে থানা পরিদর্শনে ডিআইজি

আসন্ন নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে কড়া অবস্থান নিল প্রশাসন। রবিবার ভাঙড় থানা পরিদর্শনে গিয়ে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা স্পষ্ট জানিয়ে দেন, বুথ জ্যাম, ভোট রিগিং বা বুথ দখলের মতো কোনো অভিযোগই বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশনের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে পুলিশ কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। এলাকায় শান্তি বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নাকা তল্লাশি ও টহলদারি জোরদার করা হয়েছে।

শান্তিপূর্ণ ভোট গ্রহণের প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন দক্ষিণ শহরতলীর নরেন্দ্রপুর, সোনারপুর ও বারুইপুর থানা পরিদর্শন করেন প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি কঙ্কর প্রসাদ বারুই। কলকাতা সংলগ্ন এই গ্রামীণ এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে, সে বিষয়ে তিনি স্থানীয় আধিকারিকদের সঙ্গে বিস্তারিত বৈঠক করেন। ভোটের আগে এলাকায় আরও কেন্দ্রীয় বাহিনী আসবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

ডিআইজি কঙ্কর প্রসাদ বারুই জানান, সাধারণ মানুষ যাতে ভয়হীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই মূল লক্ষ্য। অফিসার থেকে হোমগার্ড—সকলকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। প্রশাসনের এই সক্রিয়তা ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *