বিতর্কিত আত্মজীবনী ‘তালাবন্দি’, এবার ফিকশন লিখছেন প্রাক্তন সেনাপ্রধান নারাভানে

বিতর্কিত আত্মজীবনী ‘তালাবন্দি’, এবার ফিকশন লিখছেন প্রাক্তন সেনাপ্রধান নারাভানে

ভারতীয় সেনার প্রাক্তন প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের আত্মজীবনী ‘ফোর স্টারস অফ ডেস্টিনি’ নিয়ে দেশজুড়ে রাজনৈতিক ও আইনি বিতর্ক তুঙ্গে। গালওয়ান সংঘর্ষ ও অগ্নিপথ প্রকল্প সংবলিত এই বইটি প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি না পাওয়ায় আপাতত প্রকাশ স্থগিত রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার পুনেতে নিজের নতুন উপন্যাস ‘দ্য ক্যান্টনমেন্ট কনস্পিরেসি’ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে জল্পনা উসকে দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে নারাভানে জানান, বর্তমানে তিনি সম্পূর্ণভাবে কল্প-কাহিনি বা ফিকশন লেখায় মনোনিবেশ করেছেন। তাঁর নতুন উপন্যাসের মূল উপজীব্য ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে সদ্য উত্তীর্ণ হওয়া দুই তরুণ সেনা আধিকারিকের জীবন। আত্মজীবনী নিয়ে ওঠা বিতর্কের মুখে দাঁড়িয়ে তিনি কৌশলী মন্তব্য করেন যে, তিনি বরাবরই লেখালেখির সাথে যুক্ত এবং এখন শুধুমাত্র কল্প-কাহিনিই লিখছেন।

উল্লেখ্য, নারাভানের অপ্রকাশিত আত্মজীবনীতে ২০২০ সালের লাদাখ সীমান্ত পরিস্থিতি ও সরকারের সিদ্ধান্তহীনতা নিয়ে বিস্ফোরক তথ্য রয়েছে বলে দাবি করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, মোদি সরকার অস্বস্তি এড়াতে পরিকল্পিতভাবে বইটি আটকে রেখেছে। সরকারের পক্ষ থেকে সমসাময়িক ৩৫টি বইয়ের অনুমতি দেওয়া হলেও প্রাক্তন সেনাপ্রধানের এই স্মৃতিকথাটি এখনও প্রশাসনিক গেরোয় বন্দি হয়ে আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *