ট্রাম্পের হুঁশিয়ারিতে সুর নরম ইরানের, হরমুজ প্রণালী খোলার বিষয়ে আংশিক ছাড়

ট্রাম্পের হুঁশিয়ারিতে সুর নরম ইরানের, হরমুজ প্রণালী খোলার বিষয়ে আংশিক ছাড়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির মুখে হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থান কিছুটা শিথিল করল ইরান। সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেছিলেন, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথ সম্পূর্ণ খুলে না দেওয়া হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই তেহরান জানিয়েছে, তারা নির্দিষ্ট শর্তসাপেক্ষে এই আন্তর্জাতিক সামুদ্রিক পথটি ব্যবহারের অনুমতি দিতে প্রস্তুত।

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে ইরানের প্রতিনিধি আলি মৌসাভি রবিবার জানিয়েছেন, শত্রুভাবাপন্ন দেশ বাদে অন্যান্য দেশের জাহাজগুলো তেহরানের সাথে নিরাপত্তা সমন্বয় করে এই প্রণালী পার হতে পারবে। তবে আমেরিকা, ইজরায়েল বা তাদের মিত্রপক্ষের জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিশ্ব জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথটি বন্ধ করে দিয়েছিল ইরান, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করে।

মৌসাভি আরও উল্লেখ করেছেন যে, উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে তারা রাষ্ট্রসংঘের সাথে কাজ করতে আগ্রহী। ইরানের পক্ষ থেকে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও, পারস্পরিক বিশ্বাস পুনর্গঠন ও আগ্রাসন বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে। বর্তমানে আমেরিকা এই অঞ্চলে জাহাজ চলাচল নিরাপদ করতে একটি নৌ জোট গঠনের চেষ্টা চালাচ্ছে, যদিও মিত্র দেশগুলোর সামরিক অংশগ্রহণে অনীহা ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *