ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে ইরান যুদ্ধ? ২২ দিনের ‘ছোট অভিযানে’ বিশ্বজুড়ে হাহাকার

নিউজ ডেস্ক
শুরুতে একে কেবল একটি ‘ছোট অভিযান’ বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেখতে দেখতে ইরান যুদ্ধের বয়স তিন সপ্তাহ পার হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন আমেরিকা লক্ষ্যের খুব কাছে পৌঁছে গিয়েছে, কিন্তু বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। পালটা হামলায় তেহরান বুঝিয়ে দিচ্ছে তারা এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ।
জ্বালানি সংকটে বিশ্ব অর্থনীতি
যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। হু হু করে বাড়ছে দাম, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। বিপর্যস্ত বিশ্ব অর্থনীতিকে সামাল দিতে হিমশিম খাচ্ছে রাষ্ট্রগুলি। সমর বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি এখন খোদ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।
একা হয়ে পড়ছে আমেরিকা
যুদ্ধক্ষেত্রে কৌশলগতভাবেও চাপে পেন্টাগন। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ রক্ষায় মিত্র দেশগুলোর কাছে সামরিক সহায়তা চেয়েও মেলেনি ইতিবাচক সাড়া। এমনকি স্পেনের বিমানঘাঁটি ব্যবহারের প্রস্তাবও সরাসরি নাকচ করে দিয়েছে দেশটি। ফলে মিত্রদের সমর্থন ছাড়াই একপ্রকার একাই লড়তে হচ্ছে আমেরিকাকে।
হুমকি ও পালটা হুমকির লড়াই
গত ২৪ ঘণ্টায় উত্তেজনা চরমে পৌঁছেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলি গুঁড়িয়ে দেওয়া হবে। পালটা তেহরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘনিষ্ঠ দেশগুলোতে হামলা আরও জোরদার করা হবে। বিশেষ করে মার্কিন ও ইজরায়েলি জাহাজের ওপর হামলা চালানোর প্রকাশ্য ঘোষণা দিয়েছে আয়াতোল্লা খামেনেইর প্রশাসন।
ইউরোপেও ছড়াতে পারে যুদ্ধের আঁচ
শনিবার ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ-মার্কিন ঘাঁটি দিয়েগো গ্রাসিয়া লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতেই সিঁদুরে মেঘ দেখছে ইউরোপ। লন্ডন বা প্যারিসের মতো শহরগুলোও এখন ইরানি মিসাইলের নাগালে চলে আসার আশঙ্কায় আতঙ্কিত বিশ্বনেতারা। নিয়ন্ত্রণ হারানো এই যুদ্ধের শেষ কোথায়, তা নিয়ে এখন বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।