১৮২ আসনেই প্রার্থী দিচ্ছে হুমায়ুনের দল! হাইভোল্টেজ নন্দীগ্রাম ও ভবানীপুরে লড়ছেন কারা?

সিপিএম বা আইএসএফ নয়, একাই লড়ার বড় সিদ্ধান্ত নিল হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন পার্টি’। রবিবার দুপুরে প্রথম দফায় ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করে রীতিমতো চমক দিলেন দলের চেয়ারম্যান। মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা— দুই কেন্দ্র থেকেই নিজে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন হুমায়ুন।
বড় চমক দেখা গেছে রাজ্যের হাইভোল্টেজ আসনগুলোতেও। নন্দীগ্রামে শহিদুল হক এবং ভবানীপুরে পুনম বেগমকে প্রার্থী করেছে এই দল। এছাড়াও রানিনগর কেন্দ্রে মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দার এবং ভরতপুরে পীরজাদা খোয়ায়েব আমিনের নাম ঘোষণা করা হয়েছে।
ইসলামপুর নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও এখনই সেখানে প্রার্থীর নাম জানায়নি দল। শোনা যাচ্ছে, তৃণমূলের টিকিট না পাওয়া আব্দুল করিম চৌধুরী এই শিবিরে যোগ দিতে পারেন। আগামী ২৫ মার্চ কলকাতা থেকে বাকি প্রার্থীর নাম এবং ২৮ মার্চ দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হবে। সুস্বাস্থ্য, মূল্যবৃদ্ধি রোধ এবং রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা— এই ইস্যুগুলোকেই হাতিয়ার করে ময়দানে নামছে হুমায়ুনের দল।