সোমবার প্রকাশিত হচ্ছে ভোটার তালিকার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ায় ‘বিচারাধীন’ বা সন্দেহজনক ভোটারদের যাচাই শেষে সোমবার বিকেলে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে চলেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গঠিত ট্রাইব্যুনালের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া চলছে। প্রথম পর্যায়ে প্রায় ২৮ লক্ষ ভোটারের নথির নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই তালিকায় দুটি ভাগ থাকবে—যোগ্য বিবেচিত ভোটার এবং যাঁদের নাম বাদ পড়েছে। বর্তমানে ৭০০-র বেশি বিচারক প্রতিদিন গড়ে প্রায় ২ লক্ষ নামের নিষ্পত্তি করছেন। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে ৬০ লক্ষেরও বেশি বিচারাধীন নামের যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে কমিশন। এছাড়া, আগামী শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে।
সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য নবান্নের তরফে জেলাশাসকদের সতর্ক করা হয়েছে। যাদের নাম তালিকা থেকে বাদ যাবে, তাঁরা বিশেষ ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন। সুষ্ঠু প্রক্রিয়ার স্বার্থে যাচাইকাজে নিযুক্ত বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে প্রশাসন।