আমেরিকা থেকে এল রান্নার গ্যাসের বিশাল জাহাজ! যুদ্ধের আবহে ভারতের বড় চাল

বিশ্বজুড়ে যুদ্ধের দামামা আর পণ্য সরবরাহে চরম সংকটের মাঝেই স্বস্তির খবর পেল ভারত। আমেরিকার টেক্সাস থেকে এলপিজি ভর্তি বিশালাকার জাহাজ ‘পিক্সিস পায়োনিয়ার’ সফলভাবে কর্নাটকের ম্যাঙ্গালোর বন্দরে এসে পৌঁছেছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লির এই তৎপরতা এখন তুঙ্গে।
ম্যাঙ্গালোর বন্দরে এই মার্কিন জাহাজের পৌঁছনোর ঠিক আগেই এসে পৌঁছেছে রাশিয়ার অপরিশোধিত তেলবাহী আরও একটি বিশাল জাহাজ। তবে বিশালাকার হওয়ায় জাহাজটি বন্দর থেকে প্রায় ১৮ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। সেখান থেকে বিশেষ পাইপলাইনের মাধ্যমে সরাসরি তেল পৌঁছে দেওয়া হচ্ছে রিফাইনারিতে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে রুশ তেল বিক্রিতে আমেরিকা সাময়িক ছাড়পত্র দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ভারত রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইরান ও ইসরায়েলের সংঘাতের জেরে মধ্য এশিয়ায় তেল সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছে, তা সামাল দিতেই ভারতের এই মরিয়া পদক্ষেপ।
এর আগে চলতি সপ্তাহেই রান্নার গ্যাস নিয়ে ভারতের নিজস্ব জাহাজ ‘নন্দাদেবী’ গুজরাটের ভাদিনার বন্দরে পৌঁছয়। তার আগে মুন্দ্রা বন্দরে পৌঁছেছিল ‘শিভালিক’। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এখন অত্যন্ত বিপজ্জনক হওয়া সত্ত্বেও চরম ঝুঁকি নিয়ে জাহাজগুলি ভারতের জন্য জরুরি গ্যাসের জোগান নিশ্চিত করেছে। বর্তমানে ২২টি ভারতীয় জাহাজ এবং ৬১১ জন নাবিক ওই উত্তপ্ত এলাকায় রয়েছেন, যাদের নিরাপত্তার দিকে কড়া নজর রাখছে কেন্দ্রীয় সরকার।