নির্বাচন ও রামনবমীর আগে হাওড়ায় নিশ্ছিদ্র নিরাপত্তা, কড়া বার্তা পুলিশ কমিশনারের

নির্বাচন ও রামনবমীর আগে হাওড়ায় নিশ্ছিদ্র নিরাপত্তা, কড়া বার্তা পুলিশ কমিশনারের

রাজ্য বিধানসভা নির্বাচনের আবহে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে কঠোর অবস্থানে হাওড়া সিটি পুলিশ। রবিবার বিভিন্ন থানা পরিদর্শন ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী স্পষ্ট জানান, আইনশৃঙ্খলার অবনতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কাজিপাড়ার মিছিলে এবার গতবারের তুলনায় অনেক বেশি পুলিশ মোতায়েন করা হচ্ছে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ২৬ মার্চ বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সর্বাধিক ৫০০ জন নিয়ে রামনবমীর শোভাযাত্রা সম্পন্ন করতে হবে। মিছিলে কোনো ধাতব অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ করা হলেও প্রতীকী অস্ত্র ব্যবহারের অনুমতি মিলেছে। অশান্তি রুখতে সংবেদনশীল এলাকাগুলোতে বাড়তি নজরদারির পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নজর রাখা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে পুলিশ আধিকারিকদের ছয় দফা নির্দেশ দিয়েছেন কমিশনার। হিংসা ও ভয়মুক্ত পরিবেশ বজায় রাখা, ছাপ্পা ভোট রোখা এবং বুথ জ্যাম রুখতে প্রতিটি থানার পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকও হাওড়ার বিভিন্ন থানা ঘুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *