রেকর্ড ভাঙলেন নরেন্দ্র মোদী ৮৯৩১ দিনের দীর্ঘ শাসনে গড়লেন নতুন ইতিহাস

টানা ২৪ বছর এক দিনের জন্যও নেননি ছুটি! গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের দীর্ঘ সফরে এবার পবন কুমার চামলিংয়ের রেকর্ড ভেঙে দিলেন নরেন্দ্র মোদী। সরকারি প্রধান হিসেবে ৮,৯৩১ দিন পূর্ণ করে ভারতের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের রেকর্ডটি এখন তাঁর দখলে।
২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে যাত্রা শুরু করেছিলেন তিনি। টানা ১৩ বছর সেই দায়িত্ব পালনের পর ২০১৪ সালে বসেন প্রধানমন্ত্রীর আসনে। ২০২৪ সালে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরে তিনি বুঝিয়ে দিয়েছেন জনসমর্থনে তাঁর ধারেকাছে কেউ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর এই সাফল্যকে জনসেবা ও স্বচ্ছতার বিরল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
শুধু শাসনেই নয়, জনপ্রিয়তার নিরিখেও মোদী বিশ্বসেরা। ২০২৬-এর শুরুতে ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ারের গণ্ডি পেরিয়ে বিশ্বের প্রথম রাজনৈতিক নেতা হিসেবে অনন্য নজির গড়েছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, দীর্ঘ ২৪ বছর ক্লান্তিহীন পরিশ্রম এবং জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমেই সাধারণ মানুষের হৃদয়ে এই স্থায়ী জায়গা করে নিয়েছেন প্রধানমন্ত্রী। এই দীর্ঘ যাত্রায় ভারতের উন্নয়ন ও বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করাই ছিল তাঁর প্রধান লক্ষ্য।