রবিবার ছুটির মেজাজে হাইভোল্টেজ প্রচার পুরুলিয়ায়: মন্দিরে পুজো দিয়ে জনসংযোগে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

ভোটের দামামা বাজতেই রবিবাসরীয় সকালে পুরুলিয়ার নির্বাচনী ময়দানে পারদ চড়ালেন হেভিওয়েট প্রার্থীরা। বলরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো এদিন আমচিড়া কালী মন্দিরে পুজো দিয়ে তাঁর প্রচার শুরু করেন। পুজো শেষে দলীয় কর্মীদের সঙ্গে নির্বাচনী বৈঠক সেরে আমচিড়া ও কাড়ামারা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। প্রচারের এই কর্মসূচিতে তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো-সহ বহু তৃণমূল কর্মী।
প্রচার চলাকালীন শান্তিরাম মাহাতো রাজ্য সরকারের গত এক দশকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। ২০১১ সালের পরিবর্তনের পর থেকে শুরু হওয়া উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তিনি গ্রামবাসীদের কাছে ভোট দেওয়ার আবেদন জানান। চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দিনভর প্রচার চালিয়ে শাসক শিবিরের সংগঠনকে মজবুত করার বার্তা দেন এই অভিজ্ঞ নেতা।
অন্যদিকে, প্রচারে পিছিয়ে নেই বিজেপি শিবিরও। জয়পুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো এদিন দেউলঘাটা সিদ্ধেশ্বর ধামে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচারের সূচনা করেন। তাঁর সমর্থনে এদিন প্রচারে শামিল হন পুরুলিয়ার সাংসদ তথা বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো এবং জেলা সভাপতি শঙ্কর মাহাতো। সব মিলিয়ে ছুটির দিনে দুই যুযুধান শিবিরের মন্দির দর্শন ও জনসভার মধ্য দিয়ে জেলায় ভোটের উত্তাপ কয়েক গুণ বেড়ে গিয়েছে।