আইপিএলের ঝড়ে লণ্ডভণ্ড পিএসএল! দুই তারকা ভারতমুখী হতেই মেজাজ হারিয়ে ক্রিকেটারদের বড় হুমকি দিলেন পিসিবি প্রধান

আইপিএল ও পিএসএলের সূচি একই সময়ে পড়ে যাওয়ায় চরম বিপাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা পিএসএল চুক্তি ছেড়ে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে বেছে নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।
সম্প্রতি জিম্বাবুয়ের ব্লেসিং মুজারবানি ও শ্রীলঙ্কার দাসুন শানাকা পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন। মুজারবানি কলকাতা নাইট রাইডার্সে এবং শানাকা রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ায় নড়েচড়ে বসেছে পাকিস্তান। এই দলবদলে ক্ষুব্ধ নকভি প্রকাশ্যেই আইপিএলমুখী খেলোয়াড়দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে নকভি বলেন, “২-৩ জন খেলোয়াড় পিএসএল ছেড়ে আইপিএলে চলে গেছে। আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।” একই সঙ্গে তিনি জানান, ২০২৬ সালের পিএসএল ম্যাচগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ও আইপিএলের দাপটে ফাঁকা স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৬ মার্চ থেকে পিএসএল শুরু হলেও ২৮ মার্চ আইপিএল শুরু হওয়ার কারণে পাকিস্তান বড় ধরনের সংকটের মুখে পড়েছে।