ভোটার তালিকা থেকে ১০ লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কা, কমিশনের পদক্ষেপ ঘিরে সরব মমতা

নির্বাচন কমিশনের পক্ষ থেকে সোমবার ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন ভোটারদের প্রথম পরিপূরক তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকার পর প্রায় ৬০ লক্ষ নাম যাচাই প্রক্রিয়ার অধীনে ছিল। কমিশন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে বিচার বিভাগীয় আধিকারিকরা প্রতিদিন গড়ে দেড় থেকে দুই লক্ষ মামলার নিষ্পত্তি করছেন। সোমবার রাত ৮টার মধ্যে এই তালিকা প্রকাশ করার কথা জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
এই তালিকা প্রকাশের আগেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিচারাধীন তালিকা থেকে প্রায় ১০ লক্ষ মানুষের নাম ইতিমধেই বাদ পড়েছে। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের একটি নির্দিষ্ট সম্প্রদায়সহ রাজবংশী ও মতুয়াদের নিশানা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর মতে, স্থানান্তরিত ভোটার ও বিবাহিত মহিলাদের নামও বাদ দেওয়া হচ্ছে, যা মানুষের মৌলিক ভোটাধিকারের পরিপন্থী।
ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। একদিকে মুখ্যমন্ত্রী এই প্রক্রিয়াকে ‘বিজেপির সিদ্ধান্ত’ বলে তোপ দেগেছেন, অন্যদিকে প্রশাসন নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যের মুখ্যসচিব এই বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। কমিশন জানিয়েছে, যাদের নাম পরিপূরক তালিকায় থাকবে না, তারা ট্রাইব্যুনালে অনলাইন বা অফলাইনে আপিল করার সুযোগ পাবেন।