আমেরিকা থেকে গ্যাস নিয়ে ম্যাঙ্গালুরু বন্দরে নোঙর করল বিশালাকার জাহাজ

টেক্সাস থেকে ১৬,৭১৪ মেট্রিক টন তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে কর্নাটকের নিউ ম্যাঙ্গালুরু বন্দরে এসে পৌঁছাল পণ্যবাহী জাহাজ ‘পাইক্সিস পাইওনিয়ার’। গত ১৪ ফেব্রুয়ারি আমেরিকার বন্দর থেকে যাত্রা শুরু করা এই জাহাজটি রবিবার ভারতের উপকূলে নোঙর করে। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বিপুল পরিমাণ গ্যাসের আগমন দেশের জ্বালানি জোগান স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
ম্যাঙ্গালুরুতে অবস্থিত দেশের বৃহত্তম ভূগর্ভস্থ গ্যাস ভান্ডারে এই এলপিজি মজুত করা হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২২৫ মিটার গভীরে অবস্থিত এই বিশাল ভান্ডারে প্রায় ৮০ হাজার টন গ্যাস সংরক্ষণের সক্ষমতা রয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো এই প্রাকৃতিক উৎস থেকে গ্যাস সরবরাহ প্রক্রিয়া শুরু করেছে, যা জাতীয় জ্বালানি নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
একই দিনে নিউ ম্যাঙ্গালুরু বন্দরে রাশিয়ার অপরিশোধিত তেলবাহী জাহাজ ‘অ্যাকোয়া টাইটান’ নোঙর করেছে। জানা গেছে, জাহাজটি প্রথমে চীনের দিকে রওনা দিলেও মাঝপথে দিক পরিবর্তন করে ভারতের অভিমুখ গ্রহণ করে। বর্তমানে চীনের দিকে যাত্রা করা আরও সাতটি রুশ জাহাজ ভারতের দিকে আসার সম্ভাবনা তৈরি হয়েছে, যার মধ্যে ‘অ্যাকোয়া টাইটান’ প্রথম ভারতীয় বন্দরে প্রবেশ করল।