ভবানীপুরেই মোদীর মেগা রোড শো: বিধানসভা নির্বাচনে বিজেপির মাস্টারস্ট্রোক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে কোমর বেঁধে নেমেছে বিজেপি। দলের প্রচারসূচির রূপরেখায় সবথেকে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্তিম রোড শো। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার হাই-ভোল্টেজ ভোটের আগে, ২৪ থেকে ২৭ এপ্রিলের মধ্যে কলকাতায় এই মেগা কর্মসূচি পালিত হবে। গেরুয়া শিবির নিশ্চিত করেছে যে, প্রধানমন্ত্রীর এই যাত্রাপথ কলকাতার বিভিন্ন অঞ্চল ছুঁয়ে গেলেও তার মূল কেন্দ্রবিন্দু হবে দক্ষিণ কলকাতার মর্যাদাপূর্ণ ভবানীপুর কেন্দ্র।
মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর এই ‘ডার্বি’ লড়াইয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতি বিশেষ মাত্রা যোগ করছে। রাজনৈতিক মহলের মতে, ভবানীপুরকে বিশেষ গুরুত্ব দিয়ে বিজেপি নেতৃত্ব তৃণমূল সুপ্রিমোর খাসতালুকে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাইছে। যদিও নিরাপত্তার খাতিরে এবং এসপিজি-র অনুমোদনের অপেক্ষায় পূর্ণাঙ্গ রুট ম্যাপ এখনও চূড়ান্ত হয়নি, তবে রোড শো-টি ভবানীপুর থেকেই শুরু অথবা সেখানেই শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই ভবানীপুরের অলিগলিতে প্রচারের উত্তাপ তুঙ্গে। প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী ময়দানে নামার পর থেকেই শাসক ও বিরোধী শিবিরের স্লোগান-পাল্টা স্লোগানে সরগরম এলাকা। এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদীর আগমনের খবর নিশ্চিত করে বিজেপি তাদের ‘পাখির চোখ’ স্পষ্ট করে দিল। এক দিনের এই প্রত্যক্ষ কর্মসূচির মাধ্যমে ভোটের ময়দানে মোদীর প্রভাবকে আরও সুসংহত করাই এখন পদ্ম শিবিরের প্রধান লক্ষ্য।