আসছে মাস্কের রহস্যময় গ্রোক কম্পিউটার! এক টুইটেই তোলপাড় টেক দুনিয়া

এআই দুনিয়ায় নিঃশব্দে বড় কোনো বিপ্লব ঘটাতে চলেছেন ইলন মাস্ক। চ্যাটবটের সীমানা ছাড়িয়ে এবার আসছে ‘এআই এজেন্ট’। সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে এক ব্যবহারকারী গ্রোকের সোর্স কোডে enable_grok_computer নামক একটি ফিচার খুঁজে পান। সেই পোস্টটি রিটুইট করে মাস্কের ছোট মন্তব্য “কামিং আউট সুন” বা “খুব শীঘ্রই আসছে” পুরো প্রযুক্তি বিশ্বে চাঞ্চল্য তৈরি করেছে।
কী এই গ্রোক কম্পিউটার?
মনে করা হচ্ছে এটি মাস্কের উচ্চাভিলাষী ‘ম্যাক্রোহার্ড’ প্রকল্পের অংশ। টেসলা এবং এক্সএআই-এর যৌথ উদ্যোগে তৈরি এই সিস্টেমটি সাধারণ চ্যাটবটের চেয়ে অনেক বেশি উন্নত। এটি ইউজারের স্ক্রিন ইনপুট, মাউস এবং কিবোর্ড অ্যাকশন সরাসরি বুঝতে পারবে। অর্থাৎ এটি কেবল প্রশ্নের উত্তর দেবে না, বরং ইউজারের হয়ে জটিল সব কাজ নিজেই সেরে ফেলবে।
কবে নাগাদ আসবে?
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ এটি বাজারে আসতে পারে। বর্তমানে এটি পরীক্ষামূলক স্তরে রয়েছে। এতে থাকছে বড় কনটেক্সট উইন্ডো এবং উন্নত কোডিং হ্যান্ডলিং ক্ষমতা। সফল হলে এটি মানুষের পরিশ্রম কয়েক গুণ কমিয়ে দিতে পারে এবং এআই ব্যবহারে নিয়ে আসতে পারে আমূল পরিবর্তন।
এআই এজেন্টের এই দৌড়ে ইলন মাস্কের গ্রোক কম্পিউটার যে টেক জায়ান্টদের কড়া টক্কর দিতে চলেছে, তা এখন সময়ের অপেক্ষা।