ইরান-আমেরিকা যুদ্ধের আবহে ম্যাঙ্গালুরু বন্দরে এল মার্কিন জাহাজ, ভারতবাসীর রান্নার গ্যাসের দুশ্চিন্তা কি শেষ?

মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের বিধ্বংসী যুদ্ধের আঁচে কাঁপছে বিশ্ববাজার। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ কার্যত থমকে যাওয়ায় ভারতের আমদানিতে বড়সড় ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছিল। ঠিক এই সংকটের মুহূর্তেই কাজ করল নয়াদিল্লির ‘প্ল্যান বি’। ভারতের আহ্বানে সাড়া দিয়ে এবার সাগর পাড়ি দিয়ে আমেরিকা থেকে এল এলপিজি বোঝাই বিশালাকায় জাহাজ।
রবিবার সকালে টেক্সাস থেকে বিপুল পরিমাণ রান্নার গ্যাস নিয়ে ম্যাঙ্গালুরু বন্দরে নোঙর ফেলেছে ‘পাইক্সিস পাইওনিয়ার’। এখানেই শেষ নয়, আগামী ২৯ মার্চের মধ্যে আরও দু’টি বড় জাহাজ ভারত পেট্রোলিয়াম ও এইচপিসিএল-এর জন্য হাজার হাজার টন গ্যাস নিয়ে উপকূলে পৌঁছাবে। এর ফলে শুধুমাত্র এই সপ্তাহেই ৭২,৭০০ টনেরও বেশি এলপিজি পাবে ভারত।
ম্যাঙ্গালুরু থেকে এই গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরাসরি বেঙ্গালুরু-সহ দক্ষিণ ভারতের লক্ষ লক্ষ পরিবারে পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে, রাশিয়ার তেলবাহী জাহাজ ‘অ্যাকুয়া টাইটান’-ও ভারতের বন্দরে ভিড়েছে। যুদ্ধের বাজারে জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের এই কূটনৈতিক জয় সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর বয়ে আনল।