যুদ্ধের খরচ মেটাতে আমজনতার পকেটে টান পড়বে না, সাফ জানালেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের খরচ মেটাতে মার্কিন নাগরিকদের ওপর নতুন করে করের বোঝা চাপানো হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। এক সাক্ষাৎকারে তিনি জানান, যুদ্ধ পরিচালনার জন্য ওয়াশিংটনের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে। তবে ভবিষ্যতে সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত রাখতে অতিরিক্ত তহবিলের প্রয়োজন হতে পারে। বর্তমান প্রতিরক্ষা বাজেটের বাইরেও প্রায় ২০০ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব নিয়ে বর্তমানে মার্কিন কংগ্রেসে চুলচেরা বিশ্লেষণ ও বিতর্ক চলছে।
প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই অতিরিক্ত বরাদ্দের পক্ষে সওয়াল করলেও বিরোধী ডেমোক্র্যাট ও কিছু রিপাবলিকান সদস্য ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, যুদ্ধের প্রথম ছয় দিনেই খরচ হয়েছে ১১ বিলিয়ন ডলারের বেশি, যা দীর্ঘমেয়াদে ইরাক বা আফগানিস্তান যুদ্ধের ব্যয়কেও ছাড়িয়ে যেতে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে ইরান ও রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনাও করছে মার্কিন ট্রেজারি বিভাগ।