বিজেপির বিক্ষুব্ধ নেতাদের জন্য কড়া শাস্তি নয় বরং এলাহি ভোজের দাওয়াত

বঙ্গ বিজেপিতে প্রার্থী অসন্তোষ সামলাতে এবার নয়া দাওয়াই দিলেন অমিত শাহের ঘনিষ্ঠ নেতা ভূপেন্দ্র যাদব। উত্তর থেকে দক্ষিণ, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই গেরুয়া শিবিরের অন্দরে যে বিদ্রোহের আগুন জ্বলছে, তা নেভাতে শাস্তির বদলে ‘জামাই আদর’-এর কৌশল নিয়েছে দল। বিক্ষুব্ধ কর্মীদের শোকজ বা বহিষ্কার না করে তাঁদের অভাব-অভিযোগ শুনতে রাজ্য দপ্তরে বসছে বিশেষ টিম। থাকছে দেদার খাওয়া-দাওয়ার ব্যবস্থা। একসময় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রীতেশ তিওয়ারির মতো নেতাদের বসিয়ে দেওয়া হলেও, এবার কেন এই নরম মনোভাব? দলের অন্দরের খবর, সাংগঠনিক দুর্বলতা ও কর্মী সংকটের কারণেই কড়া পদক্ষেপ এড়িয়ে তোষামোদের পথ বেছে নিয়েছে বিজেপি নেতৃত্ব। যদিও এই ‘আতিথেয়তা’ কৌশল নিয়ে রাজ্য কমিটির অন্দরেই দানা বাঁধছে তীব্র বিতর্ক। অনেকের মতে, এতে দলের শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়তে পারে। মূলত নির্বাচনের আগে ঘর সামলাতে দিল্লির নির্দেশেই এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে।