ভবানীপুর থেকে মমতার হুঙ্কার ‘বাংলা জিতে এবার লক্ষ্য দিল্লি’

ভবানীপুর থেকে মমতার হুঙ্কার ‘বাংলা জিতে এবার লক্ষ্য দিল্লি’

কলকাতা: ভবানীপুরের কর্মিসভা থেকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল স্থির করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরের মাঠ থেকেই তাঁর সাফ ঘোষণা, বাংলা জয়ের পর তৃণমূলের পরবর্তী গন্তব্য হতে চলেছে ভারতের সংসদ। রবিবার চেতলার অহীন্দ্র মঞ্চে আয়োজিত এই সভায় বিজেপিকে তুলোধোনা করার পাশাপাশি দলীয় কর্মীদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

মমতা বলেন, “ভবানীপুর আমার মা। মাকে প্রণাম করেই রাজ্যজুড়ে প্রচারে বেরোচ্ছি।” গত ১৫ বছরে তাঁর সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, নির্বাচন এলেই বিজেপি টাকা দিয়ে ভোট কিনতে চায়। প্রশাসনিক রদবদল নিয়ে নির্বাচন কমিশনকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিন দিনে ৫০ জন অফিসার বদলি করার ঘটনাকে ‘তুঘলকি’ আখ্যা দিয়ে তিনি সাফ জানান, রাজ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় প্রধানমন্ত্রী মোদী ও নির্বাচন কমিশনকেই নিতে হবে।

মমতার সুরেই সুর মিলিয়ে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে, আর মোদী সরকার কেড়ে নিচ্ছে।” ভবানীপুর কেন্দ্র থেকে অন্তত ৬০ হাজার ভোটের ব্যবধানে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তিনি। একই সঙ্গে ভোট গণনা ও স্ট্রংরুম পাহারা নিয়ে কর্মীদের চূড়ান্ত সতর্ক থাকার বার্তা দিয়েছেন শীর্ষ নেতৃত্ব। কোনো প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট করানোর আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *