বাংলা বিধানসভা নির্বাচন ২০২৬: নজিরবিহীন নিরাপত্তায় ৮৪ পুলিশ অবজার্ভার ও ২৪০০ কো ম্পা নি বাহিনী

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। শান্তি বজায় রাখতে রাজ্যে প্রায় ২৪০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োগ করা হচ্ছে ৮৪ জন পুলিশ অবজার্ভার, যা তামিলনাড়ু বা কেরলের তুলনায় অনেকটাই বেশি। মূলত স্পর্শকাতর বুথ ও সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদারি চালাতেই এই বিশাল সংখ্যক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন সূত্রে খবর, শুধু ভোটগ্রহণ নয়, ভোট-পরবর্তী হিংসা রুখতেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট মিটে যাওয়ার পরেও রাজ্যে প্রায় ৭০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হবে। এর মধ্যে ৫০০ কো ম্পা নি সরাসরি আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাবে এবং ২০০ কো ম্পা নি ইভিএমের নিরাপত্তার দায়িত্বে থাকবে। ৪ মে ভোটগণনা পর্যন্ত এই বিশেষ নজরদারি জারি থাকবে।
রাজ্যের বর্ধিত স্পর্শকাতর বুথ এবং অতীতের অশান্তির ইতিহাস মাথায় রেখেই কমিশনের এই শক্তিবৃদ্ধি। প্রশাসনিক মহলের মতে, এবার নির্বাচন কমিশন ভোট মিটে যাওয়ার পরের পরিস্থিতিকেও সমান গুরুত্ব দিচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ পর্যবেক্ষক ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি রাজ্যে এক বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করবে।