পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে দেশবাসীকে সুরক্ষিত রাখতে বড় পদক্ষেপ নিলেন মোদি

ইরান ও পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে ভারতের সাধারণ নাগরিকদের নিরাপত্তা ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির এই বৈঠকে তিনি সাফ জানান, যুদ্ধের নেতিবাচক প্রভাব থেকে দেশবাসীকে রক্ষা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে রাজনাথ সিং, অমিত শাহ ও এস জয়শঙ্করের মতো শীর্ষ মন্ত্রীদের উপস্থিতিতে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কৌশলগত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিশেষত জ্বালানি তেল, গ্যাস এবং কৃষকদের জন্য সারের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখাই এখন কেন্দ্রের মূল লক্ষ্য। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কায় বিকল্প উৎস খোঁজার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে সিলিন্ডার বুকিং ও ব্যবহারের ক্ষেত্রেও কিছু সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হলেও দেশের অভ্যন্তরীণ বাজার ও সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে থমকে না যায়, তা নিশ্চিত করাই এই পর্যালোচনার মূল উদ্দেশ্য।