আন্তর্জাতিক সংকটে জরুরি পণ্যের জোগান নিশ্চিতে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

আন্তর্জাতিক সংকটে জরুরি পণ্যের জোগান নিশ্চিতে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার আবহে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও অর্থনীতি সুরক্ষিত রাখতে রবিবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) এই বৈঠকে কৃষি, খাদ্য সুরক্ষা, জ্বালানি এবং রফতানি খাতের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশ্ব পরিস্থিতির পরিবর্তনের কথা মাথায় রেখে সাধারণ মানুষের ওপর যাতে এর আঁচ না পড়ে, সেই লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে সার ও কয়লার পর্যাপ্ত মজুত নিশ্চিত করার পাশাপাশি আমদানির বিকল্প উৎস খোঁজার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে আসন্ন খরিফ মরশুমে কৃষকদের সার সরবরাহ এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে কেন্দ্র তৎপর। রাসায়নিক ও ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে বহুমুখী নীতি গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, একটি বিশেষ দল গঠন করে ‘হোল অফ গভর্নমেন্ট’ পদ্ধতিতে সামগ্রিক সমন্বয় বজায় রাখতে হবে।

সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কালোবাজারি বা মজুতদারি রুখতে কেন্দ্র ও রাজ্যকে একযোগে কাজ করতে হবে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও দেশের সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সরকার বদ্ধপরিকর। ডলারের তুলনায় টাকার অবমূল্যায়ন ও জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কার মাঝেও এই বহুস্তরীয় প্রস্তুতি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *