নির্বাচন কমিশনের নিয়মের গেরো: ‘ভোট ফ্রম হোম’ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বহু প্রবীণ

নির্বাচন কমিশনের নিয়মের গেরো: ‘ভোট ফ্রম হোম’ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বহু প্রবীণ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলেও কয়েক লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজ এই ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা থাকলেও প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের মধ্যে আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ৮৫ ঊর্ধ্ব ভোটারদের বাড়িতে বসে ভোট দেওয়ার সুযোগ থাকলেও বাংলার বিশেষ পরিস্থিতিতে এই সুবিধা পাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

কমিশনের নির্দেশিকা অনুসারে, নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পাঁচ দিনের মধ্যে বাড়ি থেকে ভোটদানের জন্য আবেদন করতে হয়। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিচারাধীন তালিকায় থাকা ব্যক্তিদের নাম নির্বাচনের আগের দিন পর্যন্ত নিষ্পত্তি হতে পারে। ফলে এই প্রক্রিয়ায় দেরি হলে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটাররা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করার সুযোগ হারাবেন। এর ফলে তাঁরা ‘ভোট ফ্রম হোম’ বা পোস্টাল ব্যালটের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

প্রশাসনিক মহলের মতে, অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ এবং ‘মার্কড ভোটার লিস্ট’ তৈরির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন না হলে এই সমস্যা প্রকট হবে। নির্বাচনী কাজে যুক্ত কর্মী এবং জরুরি পরিষেবার ভোটারদের ক্ষেত্রেও একই ধরনের জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত কমিশনের নিয়মের গেরো কাটিয়ে কতজন প্রবীণ ভোটার বাড়িতে বসে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন, এখন সেটাই বড় প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *