ভোটার তালিকায় নাম আছে তো? আজই প্রকাশিত হচ্ছে গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্টারি লিস্ট

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে আজ সন্ধ্যায় প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। মূলত ‘বিচারাধীন’ বা আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় থাকা প্রায় ২৮ লক্ষেরও বেশি ভোটারের তথ্যের নিষ্পত্তি ঘটিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। আজ বিকেলের মধ্যেই জেলাশাসক, বিডিও অফিস এবং বুথস্তরে এই তালিকা পৌঁছে যাবে। পাশাপাশি সাধারণ মানুষ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অনলাইনে নিজেদের নাম যাচাই করে নিতে পারবেন।
সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলোতে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছে প্রশাসন। যাদের নাম এই তালিকায় থাকবে না, তাদের জন্য আইনি পথ খোলা থাকছে। তারা নবগঠিত ১৯টি ট্রাইব্যুনালের মাধ্যমে পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।