ইরানের দুর্গ গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের! হরমোজ প্রণালী নিয়ে ট্রাম্পের পর এবার রণংদেহি স্কট বেসেন্ট

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রবল হয়ে উঠল। ট্রাম্পের হুঁশিয়ারির রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি ইরানের সামরিক শক্তি ও দুর্গ ধ্বংসের ঘোষণা দিলেন মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, হরমোজ প্রণালীতে ইরানের আধিপত্য খর্ব করতে মার্কিন সামরিক অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না তাদের ঘাঁটিগুলো পুরোপুরি ধূলিসাৎ হচ্ছে।
বেসেন্ট দাবি করেন, মার্কিন বাহিনী ইতিমধ্যে ইরানের সক্ষমতা অনেকটাই কমিয়ে দিয়েছে। যদিও ডেমোক্র্যাট নেতা ক্রিস মারফির মতো সমালোচকরা বলছেন ট্রাম্প প্রশাসন পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে, কিন্তু বেসেন্ট সেই দাবি উড়িয়ে দিয়ে একে বাস্তবের অপলাপ বলে মন্তব্য করেছেন।
পাল্টা জবাবে পারস্য উপসাগর রণক্ষেত্রে পরিণত করার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (IRGC)। তাদের সাফ কথা, ট্রাম্প যদি ইরানের জ্বালানি কেন্দ্রে আঘাত করেন, তবে বিশ্ববাণিজ্যের লাইফলাইন ‘হরমোজ প্রণালী’ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। শুধু তাই নয়, মার্কিন মিত্র দেশগুলোর সামরিক ও জ্বালানি ঘাঁটিগুলোকেও আইনি লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে তেহরান। সব মিলিয়ে পারমাণবিক শক্তিধর দুই দেশের সংঘাতে এখন খাদের কিনারায় দাঁড়িয়ে বিশ্ব অর্থনীতি।