সুন্দরবনে বাঘিনির কবলে মৎস্যজীবী, সাহসিকতায় প্রাণে বাঁচলেন নিখিল

সুন্দরবনে বাঘিনির কবলে মৎস্যজীবী, সাহসিকতায় প্রাণে বাঁচলেন নিখিল

সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর এলাকায় মাছ ও কাঁকড়া ধরার সময় বাঘিনির অতর্কিত হামলার শিকার হলেন নিখিল মণ্ডল নামে এক মৎস্যজীবী। শনিবার বিকেলে বুড়িতলা জঙ্গলে এই ঘটনাটি ঘটে। নিখিল ও তাঁর সঙ্গীরা যখন কাজে ব্যস্ত ছিলেন, ঠিক সেই মুহূর্তেই দুটি শাবকসহ একটি পূর্ণবয়স্ক বাঘিনি তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তির একপর্যায়ে নিখিল জঙ্গল সংলগ্ন খাড়ির জলে পড়ে যান।

সহকর্মীদের অসীম সাহস ও তাৎক্ষণিক তৎপরতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান নিখিল। বাঘিনি তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গীরা চিৎকার শুরু করেন এবং হাতের লাঠি দিয়ে বাঘিনির পিঠে ও গাছে আঘাত করতে থাকেন। ক্রমাগত লাঠির বাড়ি খেয়ে বাঘিনিটি তার শাবকদের নিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হয়। সঙ্গীরা দ্রুত জল থেকে নিখিলকে উদ্ধার করে ডাঙায় ফিরিয়ে আনেন।

আহত মৎস্যজীবীকে প্রথমে স্থানীয় যোগেশগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। সুন্দরবনের জঙ্গলে জীবিকার সন্ধানে গিয়ে বারবার এমন বাঘের হামলার ঘটনায় স্থানীয় মৎস্যজীবী মহলে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *