এক বছরের মধ্যে ইস্টবেঙ্গলকে ভারতসেরা করার অঙ্গীকার লোহিয়ার

ইস্টবেঙ্গল ক্লাবের রূপকার দীপক (পল্টু) দাসের ২৫তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত হলো ‘দীপক জ্যোতি’ সম্মান প্রদান অনুষ্ঠান। সেখানে ক্লাব সভাপতি মুরালিলাল লোহিয়া দৃঢ় প্রত্যয়ে জানান, আগামী এক বছরের মধ্যে ইস্টবেঙ্গলকে ভারতের শ্রেষ্ঠ দল হিসেবে গড়ে তোলা হবে। সাম্প্রতিক সময়ে আইএসএলে দলের ধারাবাহিকতাহীন পারফরম্যান্স সত্ত্বেও সমর্থকদের সাফল্যের স্বপ্ন দেখান তিনি। অনুষ্ঠানে ফুটবল ও ক্রিকেটে বিশেষ অবদানের জন্য ড. সমিত রায় সহ ঋতুপর্ণা সেনগুপ্ত ও ডা. রাজা ধরকে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া ক্লাবের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, মাঠের দল এবং ক্লাব প্রশাসনের মধ্যে দূরত্ব কমিয়ে এক ছাদের তলায় আসা জরুরি। বাইচুংয়ের মতে, কেবল অর্থবল নয়, বরং রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার মতো সদস্য-চালিত মডেলে ক্লাবের পরিচালনা হওয়া উচিত। লাল-হলুদ আবেগকে প্রাধান্য দিয়ে প্রকৃত ফুটবল প্রেমীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।
স্মৃতিচারণায় বাইচুং কলকাতা ডার্বির তুলনা করেন বিশ্ব ফুটবলের এল ক্লাসিকোর সঙ্গে। পি কে বন্দ্যোপাধ্যায় ও অমল দত্তের কোচিং লড়াই এবং ডার্বির অতুলনীয় উন্মাদনাকে ভারতীয় ফুটবলের সম্পদ হিসেবে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে অনুষ্ঠানে সাফ কাপ জয়ী ইস্টবেঙ্গল মহিলা দলকেও সংবর্ধিত করা হয় এবং ক্যানসার আক্রান্তদের সহায়তায় এক লক্ষ টাকা অনুদান তুলে দেয় ক্লাব কর্তৃপক্ষ। বর্তমানে কোচ অস্কার ব্রুজোর অধীনে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ শিবির।