ছাব্বিশের নির্বাচনেও বিজেপির মূল লক্ষ্য বাম ভোট, বিশেষ কৌশলে পদ্মশিবির

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার বাম ভোটব্যাংক নিজেদের দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। মূলত ২০১৯ ও ২০২১ সালের নির্বাচনে বাম সমর্থকদের বড় অংশের সমর্থন পাওয়ায় এবারও সেই ধারা বজায় রাখতে চাইছে গেরুয়া শিবির। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে বুথ স্তরে নিষ্ক্রিয় বাম কর্মী ও সমর্থকদের চিহ্নিত করে তাঁদের কাছে পৌঁছানোর বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিজেপির কৌশল অনুযায়ী, প্রতিটি বুথে নির্দিষ্ট কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে বাম ভাবাপন্ন ভোটারদের তালিকা তৈরি করতে। এই প্রক্রিয়ায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের পাশাপাশি সরাসরি ফোনেও যোগাযোগ করা হচ্ছে। বিশেষত সিপিএমের স্থানীয় নেতৃত্বের ওপর ক্ষুব্ধ বা সংগঠনে গুরুত্বহীন কর্মীদের দলে টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। শমীক ভট্টাচার্যের মতো নেতারাও আদর্শ বজায় রেখে বর্তমানে বিজেপিকে বিকল্প হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
হাওড়া, হুগলি ও বর্ধমানের মতো জেলাগুলোতে এই তৎপরতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। খগেন মুর্মু বা শংকর ঘোষের মতো প্রাক্তন বাম নেতাদের উদাহরণ টেনে বিজেপি প্রমাণ করতে চাইছে যে, বামপন্থীরা গেরুয়া শিবিরে সাদরে গৃহীত হচ্ছেন। নিচুতলার বাম ভোট নিজেদের ঝুড়িতে নিশ্চিত করতে বর্তমানে ভোটারদের পরিবারকেও বোঝানোর কাজ শুরু করেছেন বিজেপি কর্মীরা। মূলত বাম ভোটকে ‘ঢাল’ করেই ছাব্বিশের বৈতরণী পার হতে চাইছে পদ্মশিবির।