ডলারের দাপটে খড়কুটোর মতো উড়ছে ভারতীয় টাকা! সোমবারের রেকর্ড পতনে মাথায় হাত আমজনতার

বিশ্ববাজারের অস্থিরতা আর যুদ্ধের আবহে টালমাটাল ভারতের অর্থনীতি। সোমবার সকালে লেনদেন শুরু হতেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার মান হু হু করে নেমে দাঁড়িয়েছে ৯৩.৮৩ পয়সায়। ২০২২ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম একদিনে এত বড় ধস দেখল দেশীয় মুদ্রা। বিদেশের বাজারে টাকার দর ইতিমধ্য়েই ৯৪-এর গণ্ডি ছাড়িয়ে রেকর্ড তৈরি করেছে।
অপরিশোধিত তেলের আকাশছোঁয়া দাম এবং বিদেশি বিনিয়োগকারীদের লাগাতার শেয়ার বিক্রির জেরে এই রক্তক্ষরণ শুরু হয়েছে। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ ব্যাঙ্ক ১০০ বিলিয়ন ডলারের অগ্রিম বিক্রয় পজিশন নিলেও পতন থামানো যাচ্ছে না। চলতি বছরের শুরু থেকেই প্রায় ৯ বিলিয়ন ডলারের ভারতীয় শেয়ার বিক্রি করে দিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এই বিপুল পরিমাণ পুঁজি বেরিয়ে যাওয়ায় রুপির ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে বাজারে। আমদানিকৃত পণ্যের দাম বাড়ার আশঙ্কায় এখন প্রমাদ গুনছেন মধ্যবিত্তরা।