পরকীয়ার পথে কাঁটা শাশুড়িকে নৃশংস খুন, পুলিশের পোষ্য কুকুরের কেরামতিতে ফাঁস বউমার ভয়ঙ্কর কীর্তি

লখনউ: পরকীয়া প্রেমের পথে বাধা হওয়ায় নিজের শাশুড়িকেই শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। এই নৃশংস হত্যাকাণ্ডে তাঁকে সাহায্য করেছেন খোদ বাড়ির ভাড়াটেই, যাঁর সঙ্গে ওই মহিলার অবৈধ সম্পর্ক ছিল বলে দাবি পুলিশের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লখনউয়ের নিশাতগঞ্জ এলাকায়। তবে শেষরক্ষা হয়নি; পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগের তীক্ষ্ণ বুদ্ধিতেই শেষমেশ ধরা পড়ল অপরাধী যুগল।
তদন্তে জানা গিয়েছে, মৃত নির্মলা দেবী তাঁর ছেলে, পুত্রবধূ রঞ্জনা এবং নাতিদের সঙ্গে থাকতেন। ওই বাড়ির ওপর তলার ভাড়াটে রাজনের সঙ্গে রঞ্জনার দীর্ঘদিনের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। ঘটনার দিন দুপুরে প্রতিবেশীরা নির্মলা দেবী ও তাঁর নাতিকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশি জেরায় জানা যায়, ঘটনার তিন দিন আগে শাশুড়ির সঙ্গে রঞ্জনার তীব্র ঝগড়া হয়েছিল। এরপরই প্রেমিক রাজনের সঙ্গে মিলে তাঁকে শাড়ি দিয়ে শ্বাসরোধ করে খুনের ছক কষেন রঞ্জনা। অপরাধ আড়াল করতে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে গয়না লুটপাটের নাটকও সাজানো হয়েছিল। কিন্তু অকুস্থলে ডগ স্কোয়াড পৌঁছতেই স্নিফার ডগ সরাসরি রাজনের দিকে এগিয়ে যায়। তাতেই সন্দেহ দানা বাঁধে পুলিশের মনে। কড়া জিজ্ঞাসাবাদের মুখে শেষ পর্যন্ত খুনের কথা স্বীকার করেছে ওই অভিযুক্ত প্রেমিক। বর্তমানে পুলিশ রঞ্জনা ও রাজন উভয়কেই গ্রেফতার করেছে।