মমতার ‘দিদিকে বলো’ মডেলে মীনাক্ষী! উত্তরপাড়ায় বাম প্রার্থীর দেওয়া ফোন নম্বর কি ঘোরাবে ভাগ্য

বিধানসভা ভোটের রণকৌশলে বড় চমক দিলেন উত্তরপাড়ার বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই জনপ্রিয় ‘দিদিকে বলো’ কর্মসূচির ধাঁচেই এবার নিজের ফোন নম্বর বিলি শুরু করলেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে কার্ড পৌঁছে দিচ্ছেন মীনাক্ষী, যার একদিকে রয়েছে আরজি কর আন্দোলনের ছবি এবং অন্য পাশে অভিযোগ জানানোর হেল্পলাইন নম্বর।
বাম শিবিরের দাবি, স্থানীয় মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতেই এই উদ্যোগ। বন্ধ স্কুল, জলমগ্ন রাস্তা কিংবা বেকারত্বের সমস্যার কথা এই নম্বরে ফোন করে জানাতে পারবেন ভোটাররা। তবে এই কৌশল নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছেন না স্থানীয়দের একাংশ। তাঁদের পাল্টা প্রশ্ন, গত কয়েক বছরে যখন তৃণমূলের হাত ধরে এলাকায় উন্নয়ন হয়েছে, তখন বামেদের এই সক্রিয়তা কোথায় ছিল? অনেকে আবার একে প্রশান্ত কিশোরের আইপ্যাকের পুরনো কৌশলের ‘নকল’ বলে কটাক্ষ করছেন। ভোটের পরও এই নম্বর চালু থাকবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে জনমনে। সব মিলিয়ে উত্তরপাড়ার লড়াইয়ে এখন আলোচনার কেন্দ্রে মীনাক্ষীর এই নতুন ‘কল সেন্টার’ রাজনীতি।