পেট্রল নেই তাই দর্শকহীন গ্যালারি! আইসল্যান্ড ক্রিকেটের কটাক্ষে পিএসএল এখন ‘পেট্রল শর্টেজ লিগ’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর জ্বালানি সংকটে বিধ্বস্ত পাকিস্তান। তেলের অভাবে বিমান পরিষেবা বিপর্যস্ত, দেশজুড়ে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। এই টালমাটাল পরিস্থিতিতে বড় ধাক্কা খেল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। নিরাপত্তার খাতিরে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা আয়োজনের নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। বাতিল করা হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানান, দেশের বর্তমান সংকটজনক অবস্থায় হাজার হাজার মানুষের জমায়েত সম্ভব নয়। তবে এই ঘোষণা আসতেই নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিয়ে আইসল্যান্ড ক্রিকেট ব্যঙ্গ করে লিখেছে, পিএসএলের আসল মানে হলো ‘পেট্রল শর্টেজ লিগ’। কেউ আবার একে ‘প্রাইভেট স্টেডিয়াম লিগ’ বলে কটাক্ষ করছেন।
মাঠের বাইরে ট্রোলিংয়ের পাশাপাশি মাঠের ভেতরেও চাপে পাকিস্তান। একের পর এক বিদেশি ক্রিকেটার পিএসএল ছেড়ে আইপিএলের দিকে ঝুঁকছেন। ব্লেসিং মুজারাবানি, দাসুন শনাকা এবং গুদাকেশ মোতিরা ইতিমধ্যেই নাম প্রত্যাহার করেছেন। সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই কার্যত কোণঠাসা পাক বোর্ড।