হরমুজ প্রণালীতে ইরানের নতুন ‘সার্বভৌম শাসন’: জাহাজ চলাচলে ১৮ কোটি টাকা টোল নির্ধারণ

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে বিশাল অঙ্কের টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জলপথ অতিক্রমকারী নির্দিষ্ট কিছু জাহাজের কাছ থেকে ট্রানজিট ফি হিসেবে ২০ লক্ষ ডলার (প্রায় ১৮.৮ কোটি টাকা) আদায় করা হবে। ইরান সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আলাউদ্দিন বোরুজের্দি জানিয়েছেন, যুদ্ধের খরচ মেটাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ওই অঞ্চলে ইরানের শক্তির প্রতিফলন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই প্রণালী পুরোপুরি না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে নিযুক্ত ইরানি প্রতিনিধি আলি মুসাভি স্পষ্ট করেছেন যে, জলপথটি সবার জন্য বন্ধ নয়। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো ‘শত্রু রাষ্ট্র’ সংশ্লিষ্ট জাহাজগুলো চলাচলের অনুমতি পাবে না। শুধুমাত্র বন্ধুভাবাপন্ন দেশগুলোর জাহাজ তেহরানের নিরাপত্তা বিধি মেনে যাতায়াত করতে পারবে।
বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ তরল প্রাকৃতিক গ্যাস এই কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান এই পথ বন্ধের হুমকি দেওয়ার পর থেকেই বিশ্ববাজারে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই সংঘাত বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এক নতুন অনিশ্চয়তার জন্ম দিয়েছে।