প্রচারে নীলবাতি গাড়ির ব্যবহার: বির্তকে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা

আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাকে ঘিরে দানা বেঁধেছে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিতর্ক। রবিবার জামুরিয়ার দলীয় প্রার্থী হরেরাম সিংহের সমর্থনে একটি কর্মিসভায় যোগ দিতে নীলবাতি লাগানো গাড়িতে চেপে হাজির হন তিনি। গাড়ির সামনে ‘মেম্বার অফ পার্লামেন্ট’ লেখা বোর্ড এবং অশোক স্তম্ভের ছবি থাকায় সরব হয়েছে বিজেপি। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর এমনভাবে সরকারি তকমা ব্যবহার করে প্রচার করাকে নিয়মবিরুদ্ধ বলে দাবি করছে বিরোধী শিবির।
বিতর্ক দানা বাঁধতেই তড়িঘড়ি গাড়ি থেকে নীলবাতিটি খুলে নেওয়ার নির্দেশ দেন সাংসদ। তবে এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তিনি। শত্রুঘ্ন সিনহার দাবি, বাতিটি আগে থেকেই ছিল এবং তিনি নিজে তা ব্যবহার বা জ্বালাননি। নিজেকে আইন মেনে চলা এক ‘ভদ্রলোক’ হিসেবে দাবি করে তিনি জানান, কারও মনে আঘাত লাগে এমন কোনো কাজ তিনি কখনই করবেন না।
বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায় এই ঘটনাকে সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা বলে অভিহিত করেছেন। তৃণমূল সরকারের বিরুদ্ধে নিয়মকানুনের তোয়াক্কা না করার অভিযোগ তুলে তিনি জানান, বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন। প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। সাংসদ শিক্ষিত হয়েও কেন এমন আচরণ করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির।