ট্রাম্পের হুঁশিয়ারি ও ইরানের পাল্টা হুমকি: চরম বিদ্যুৎ ও জল সংকটের ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের ৪ দেশ

উপসাগরীয় অঞ্চলে তীব্র উত্তেজনা সৃষ্টি করে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ইরানের বিদ্যুৎ পরিকাঠামো নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছে মার্কিন বাহিনী। জবাবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সমস্ত বিদ্যুৎ ও জল পরিশোধন কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে।
বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত শুরু হলে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। এই মরু দেশগুলো পানীয় জলের জন্য সম্পূর্ণভাবে বিদ্যুৎচালিত জল পরিশোধন কেন্দ্রের ওপর নির্ভরশীল। বাহরাইন ও কাতারের শতভাগ এবং আমিরাতের ৮০ শতাংশ জল এই পদ্ধতিতেই আসে। ইরানের প্রত্যাঘাতে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হলে এই দেশগুলোতে জনজীবন স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইরানের রেভোলিউশনারি গার্ড ও পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাকের কালিবাফ আক্রমণাত্মক সুরে জানিয়েছেন, হামলা হলে তারা পশ্চিম এশিয়ার বিদ্যুৎকেন্দ্রগুলো চিরতরে ধ্বংস করে দেবেন। সেই সঙ্গে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। কোটি কোটি মানুষের ভবিষ্যৎ ও আঞ্চলিক সুরক্ষার কথা মাথায় রেখে ট্রাম্প প্রশাসনকে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে নেওয়ার পরামর্শ দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।