ভোটের আগে পুলিশের জন্য কমিশনের ৬ দফা কড়া নির্দেশ, ময়দানে পুলিশ কমিশনাররা

ভোটের আগে পুলিশের জন্য কমিশনের ৬ দফা কড়া নির্দেশ, ময়দানে পুলিশ কমিশনাররা

আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে রাজ্য পুলিশকে ৬ দফা কঠোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। হিংসা রোধ, ছাপ্পা ভোট ও বুথ দখল বন্ধের পাশাপাশি ভোটারদের ভয়ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ সুপার ও কমিশনারদের সরাসরি ময়দানে নামার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা ইতিমধ্যেই বিভিন্ন থানা পরিদর্শন করে আধিকারিকদের সতর্ক করেছেন।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, এবার সংবেদনশীল এলাকার ভোটারদের আস্থা জোগাতে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন পুলিশ কর্মীরা। নাগরিকদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে থানা ও কন্ট্রোল রুমের জরুরি নম্বর। এছাড়া, নির্বাচনে প্রলোভন ও বেআইনি লেনদেন রুখতে নাকা চেকিং এবং তল্লাশির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থাকে আরও নিছিদ্র করতে এবার আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। নাকা চেকিংয়ের লাইভ ফুটেজ ‘প্যান-টিল্ট-জুম’ ক্যামেরার মাধ্যমে সরাসরি কমিশনের কন্ট্রোল রুমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আধিকারিকদের স্পষ্ট জানানো হয়েছে, যে কোনও মূল্যে রাজ্যে ‘হিংসামুক্ত নির্বাচন’ নিশ্চিত করতে হবে এবং ভোটারদের নিরাপত্তা ও তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *