আরজি কর হাসপাতালে লিফটে মৃত্যু, জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল হাই কোর্ট

আরজি কর হাসপাতালে লিফটে মৃত্যু, জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল হাই কোর্ট

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফটে আটকে অরূপ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। সোমবার প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এই মর্মে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেন। দ্রুতই এই মামলার শুনানির দিন ধার্য করা হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

গত শুক্রবার ভোরে ট্রমা কেয়ার ভবনের লিফটে যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দমদমের বাসিন্দা অরূপবাবু তাঁর অসুস্থ ছেলেকে নিয়ে লিফটে থাকাকালীন সেটি নিয়ন্ত্রণ হারায়। দীর্ঘক্ষণ বেসমেন্টে আটকে থাকার পর লিফট ও দেয়ালের ঘর্ষণে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনায় হাসপাতালের পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে চরম জনরোষ সৃষ্টি হয়েছে।

ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ ইতিমধ্য়েই অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে। লালবাজারের হোমিসাইড শাখা তদন্ত চালিয়ে তিন লিফটম্যান ও দুই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে। বর্তমানে তাঁরা পুলিশি হেফাজতে রয়েছেন। একদিকে আইনি পদক্ষেপ, অন্যদিকে হাসপাতালের ট্রমা কেয়ারে স্ট্রেচার না পাওয়ার মতো লাগাতার অব্যবস্থার অভিযোগে বিদ্ধ হচ্ছে আরজি কর কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *