নির্বাচনী লড়াইয়ে নওশাদ-আরাবুল: আইএসএফ-এর প্রার্থী তালিকায় ভাঙড় থেকে নন্দীগ্রাম

বামেদের সাথে জোট জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। সোমবার ফুরফুরা শরিফ থেকে মোট ২৩টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকি। প্রত্যাশিতভাবেই ভাঙড় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিদায়ী বিধায়ক নওশাদ নিজে। অন্যদিকে, তৃণমূল ছেড়ে আইএসএফ-এ যোগ দিয়েই ক্যানিং পূর্ব আসনে লড়বার টিকিট পেয়েছেন আরাবুল ইসলাম।
ঘোষিত এই তালিকায় বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো প্রায় ৩০ শতাংশেরও বেশি হিন্দু প্রার্থীর উপস্থিতি। এছাড়া নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রেও প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বামেদের সঙ্গে আসন রফায় যে চারটি কেন্দ্র নিয়ে দীর্ঘ দড়ি-টানাটানি চলছিল, তার মধ্যে তিনটিতেই এককভাবে প্রার্থীর নাম ঘোষণা করে দিল নওশাদের দল।
আইএসএফ-এর এই আকস্মিক পদক্ষেপে রাজনৈতিক মহলে জোটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জট সৃষ্টি হয়েছে। নির্দিষ্ট কিছু আসনে বামেদের সঙ্গে মতভেদ থাকা সত্ত্বেও একক শক্তিতে লড়াইয়ের এই সিদ্ধান্ত রাজ্যের নির্বাচনী সমীকরণকে আরও জটিল করে তুলল। এখন দেখার, এই প্রার্থী তালিকা ঘোষণার পর বামফ্রন্টের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া জানানো হয়।