হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা বরদাস্ত নয়: লোকসভায় মোদী

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা বরদাস্ত নয়: লোকসভায় মোদী

পশ্চিম এশিয়ায় চলমান দীর্ঘ সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে লোকসভায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানান, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা বা হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংকটের স্থায়ী সমাধানে সব পক্ষকে অবিলম্বে আলোচনা ও শান্তির পথে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। যুদ্ধ পরিস্থিতিতে ১ কোটি প্রবাসী ভারতীয় ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জানান, যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশে তেল, গ্যাস ও সারের জোগান স্বাভাবিক রাখতে বিকল্প ৪১টি দেশ থেকে আমদানির ব্যবস্থা করা হয়েছে। কালোবাজারি রুখতে রাজ্যগুলোকে কঠোর নির্দেশ দেওয়ার পাশাপাশি আমদানির তদারকিতে বিশেষ দল গঠন করা হয়েছে। ইতিপূর্বেই ৩ লক্ষ ৭৫ হাজার ভারতীয়কে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সংকট মোকাবিলায় সরকার ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু রেখেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিয়মিত সহায়তা প্রদান করছে।

বিরোধীদের উদ্বেগের জবাবে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন যে, ভারত সরকার নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ ও লজিস্টিক পরিকাঠামো বজায় রাখতে বদ্ধপরিকর। প্রতিকূল পরিস্থিতিতেও দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা রক্ষায় উচ্চপর্যায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মোদী জোর দিয়ে বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই বৈশ্বিক অস্থিরতা কাটিয়ে ওঠা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *