১৮ হাজার কোটির লড়াই: কোহলিদের আরসিবি কিনতে আদিত্য বিড়লা গোষ্ঠীর বড় চমক

আইপিএলের জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মালিকানা বদল নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড দলটির বাজারদর নির্ধারণ করেছে প্রায় সাড়ে ১৮ হাজার কোটি টাকা। এই বিশাল অঙ্কের বিনিময়ে মালিকানা পাওয়ার দৌড়ে আগে থেকেই ছিল সুইডিশ সংস্থা ইকিউটি এবং কেকেআর-টেমাসেকের যৌথ কনসোর্টিয়াম। তবে এবার সবাইকে চমকে দিয়ে আসরে নেমেছে আদিত্য বিড়লা গোষ্ঠী ও আমেরিকার বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজ়ারের মিলিত কো ম্পা নি।
নতুন এই বিনিয়োগকারী সংস্থাটি ইতিমধ্যেই রাজস্থান রয়্যালস কেনার আগ্রহ প্রকাশ করেছে এবং আরসিবি অধিগ্রহণের বিষয়েও মৌখিক আলোচনা শুরু করেছে। আগে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজ়ার্স কিংবা আদার পুনাওয়ালার নাম শোনা গেলেও বর্তমানে তারা লড়াই থেকে ছিটকে গেছেন। যদি বিড়লা গোষ্ঠী চূড়ান্ত দরপত্র জমা দেয়, তবে কোহলিদের দলের মালিকানা পাওয়ার প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ মার্চের মধ্যে চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বর্তমান মালিক পক্ষ। ভারতীয় ক্রিকেট বোর্ডকে অবহিত করার পর পুরো প্রক্রিয়াটি শেষ হতে প্রায় ৪৫ থেকে ৯০ দিন সময় লাগতে পারে। এর ফলে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ নতুন মালিকের হাতে দলের দায়িত্ব হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। এই চুক্তি বাস্তবায়িত হলে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি দল হিসেবে রেকর্ড গড়বে আরসিবি।