পর্দায় আসছে রহস্যময় পুতুল ‘লাবুবু’, সনি পিকচার্সের হাত ধরে তৈরি হচ্ছে অ্যানিমেশন চলচ্চিত্র

পর্দায় আসছে রহস্যময় পুতুল ‘লাবুবু’, সনি পিকচার্সের হাত ধরে তৈরি হচ্ছে অ্যানিমেশন চলচ্চিত্র

অদ্ভুত দর্শন ও রহস্যময় পুতুল ‘লাবুবু’ এবার রূপালি পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছে। চিনের খেলনা প্রস্তুতকারক সংস্থা ‘পপমার্ট’ এবং বিশ্বখ্যাত ‘সনি পিকচার্স’-এর যৌথ উদ্যোগে নির্মিত হবে এই বিশেষ অ্যানিমেশন মুভি। ছবিটি পরিচালনা করবেন পল কিং এবং চিত্রনাট্য লিখবেন স্টিভেন লেভেনসন। এই প্রকল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন লাবুবুর মূল স্রষ্টা শিল্পী কাসিং লুং। তবে ছবির মুক্তি বা বাজেট নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

২০১৯ সালে বাজারে আসার পর থেকেই বিশ্বজুড়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছায় এই পুতুল। গোল চোখ আর বড় দাঁতের এই ‘মনস্টার’ সিরিজে ৩০০-র বেশি ভিন্ন ঘরানার পুতুল রয়েছে। কিম কার্দাশিয়ান থেকে শুরু করে টলিউড অভিনেত্রী মিমি বা ঋতাভরী—সবাইকেই এই ‘লাবুবু’ জ্বরে আক্রান্ত হতে দেখা গেছে। বিশেষ করে ‘ব্লাইন্ড বক্স’-এর মাধ্যমে রহস্য বজায় রেখে এই পুতুল বিক্রির কৌশল এর আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

জনপ্রিয়তার সমান্তরালে লাবুবুকে ঘিরে দানা বেঁধেছে নানা ভৌতিক বিতর্কও। ১৯৮৯ সালের বিখ্যাত কার্টুন ‘দ্য সিম্পসন্স’-এর একটি ক্লিপের সঙ্গে এই পুতুলের সাদৃশ্য খুঁজে পাওয়ায় অনেকেই একে ‘অভিশপ্ত’ বলে দাবি করছেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে বাক্সবন্দি এক রহস্যময় মূর্তির প্রভাবে অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখা যায়। এই অলৌকিক আতঙ্ক আর পর্দার নতুন চমক মিলিয়ে লাবুবু এখন বিনোদন জগতের অন্যতম চর্চিত বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *