মধ্যপ্রাচ্য সংকট: সংসদে ইরানকে সংযত হওয়ার বার্তা দিয়ে শান্তির আহ্বান মোদির

মধ্যপ্রাচ্য সংকট: সংসদে ইরানকে সংযত হওয়ার বার্তা দিয়ে শান্তির আহ্বান মোদির

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক অচলাবস্থার জেরে ভারতে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার সংসদে দাঁড়িয়ে ‘বন্ধু’ দেশ ইরানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট জানান, হরমুজ প্রণালী অবরুদ্ধ করা বা বাণিজ্যিক জাহাজে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তেহরানের এই পদক্ষেপকে নেতিবাচক আখ্যা দিয়ে ভারত যে এর বিরোধী, তা এদিন সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধজয়ের দাবির প্রেক্ষিতেও বিশেষ মন্তব্য করেছেন মোদি। নাম না করে আমেরিকার আগ্রাসী মনোভাবের সমালোচনা করে তিনি জানান, যুদ্ধ কোনো স্থায়ী সমাধান হতে পারে না। ভারত সর্বদা শান্তি ও মানবকল্যাণের পক্ষে। প্রধানমন্ত্রীর মতে, একমাত্র আলোচনার টেবিল এবং কার্যকর কূটনীতির মাধ্যমেই এই ভয়াবহ আন্তর্জাতিক সংঘাত ও উত্তেজনা প্রশমন করা সম্ভব।

বর্তমানে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল পিছু ১০০ ডলার ছাড়িয়েছে। যুদ্ধের ফলে অসামরিক অবকাঠামো ও জ্বালানি ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সংকটের মোকাবিলায় কূটনৈতিক পথই শ্রেষ্ঠ। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই অস্থিরতা কাটাতে ভারত তার শান্তিকামী অবস্থানে অনড় থেকে মধ্যস্থতার গুরুত্বারোপ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *