বিতর্কিত গানের ভিডিওতে নারী অবমাননা, র‍্যাপার বাদশার বিরুদ্ধে হরিয়ানা পুলিশের কঠোর পদক্ষেপ

বিতর্কিত গানের ভিডিওতে নারী অবমাননা, র‍্যাপার বাদশার বিরুদ্ধে হরিয়ানা পুলিশের কঠোর পদক্ষেপ

নারী ও নাবালিকাদের আসাম্মানজনকভাবে উপস্থাপনের অভিযোগে জনপ্রিয় র‍্যাপার বাদশার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে হরিয়ানা পুলিশ। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত হরিয়ানভি গান ‘টাটিরি’-তে নারী শরীরকে কুরুচিকরভাবে প্রদর্শন এবং স্কুলছাত্রীদের দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গির দৃশ্য ধারণের অভিযোগে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় হরিয়ানা মহিলা কমিশনের অভিযোগের ভিত্তিতে পঞ্চকুলা সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ইউটিউব ও ইনস্টাগ্রাম থেকে গানটি সম্পর্কিত ৮৫৭টি কন্টেন্ট এবং ভিডিও লিংক সরিয়ে ফেলা হয়েছে। হরিয়ানা পুলিশের ডিজিপি অজয় সিংঘল জানিয়েছেন, নারীর মর্যাদা ক্ষুণ্ণকারী যেকোনো কন্টেন্টের ক্ষেত্রে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে এবং দোষীদের কাউকে রেয়াত করা হবে না।

সামাজিক মাধ্যমে এই গানটি নিয়ে নিন্দার ঝড় ওঠায় উত্তরপ্রদেশেও বাদশার ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে। অভিযোগকারী অভয় চৌধুরীর দাবি, স্কুলের পোশাকে এ ধরনের নাচ বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত নেতিবাচক বার্তা দিচ্ছে। বর্তমানে পুলিশ ও সাইবার শাখা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কড়া নজরদারি চালাচ্ছে যাতে এই বিতর্কিত গানটি আর প্রচারিত হতে না পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *