পাকিস্তানে সামরিক তথ্য পাচার, রাজস্থানে গ্রেপ্তার বায়ুসেনার কর্মী

পাকিস্তানে সামরিক তথ্য পাচার, রাজস্থানে গ্রেপ্তার বায়ুসেনার কর্মী

ভারতীয় বায়ুসেনার গোপন তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কাছে পাচারের অভিযোগে সুমিত কুমার নামে এক কর্মীকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা ৩৬ বছর বয়সী সুমিত আসামের ডিব্রুগড় এয়ারফোর্স স্টেশনে ‘মাল্টি টাস্কিং স্টাফ’ হিসেবে কর্মরত ছিলেন। রবিবার রাজস্থান গোয়েন্দা বিভাগ ও এয়ারফোর্স ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়।

তদন্তে জানা গিয়েছে, ২০২৩ সাল থেকে সুমিত পাকিস্তানি চরদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অভিযোগ, টাকার বিনিময়ে তিনি আসামের চাবুয়া এবং রাজস্থানের বিকানের এয়ারবেসের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের অবস্থান সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল তথ্য সোশাল মিডিয়ার মাধ্যমে পাচার করেছেন। চলতি বছরের জানুয়ারিতে ঝাবারা রাম নামে এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পর সুমিতের এই দেশবিরোধী কর্মকাণ্ডের কথা প্রকাশ্যে আসে।

ধৃত কর্মীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে তাঁকে জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে। গোয়েন্দাদের দাবি, সুমিতের কাছে থাকা সামরিক নথি ও ডিজিটাল তথ্যগুলো জঙ্গিগোষ্ঠীর হাতেও পৌঁছেছে। বর্তমানে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেশের নিরাপত্তার স্বার্থে এই গ্রেপ্তারিতে বড়সড় সাফল্য দেখছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *