জ্বালানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস

জ্বালানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস

বিশ্বজুড়ে যুদ্ধের আবহে রান্নার গ্যাসের সংকটে যখন সাধারণ মানুষ নাজেহাল, তখন আসন্ন গ্রীষ্মে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কায় উদ্বিগ্ন দেশবাসী। এই পরিস্থিতিতে সোমবার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণকে আশ্বস্ত করে জানান, দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জানান, সরকার সৌর ও পারমাণবিক শক্তির মতো বিকল্প উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে বিশেষ জোর দিচ্ছে। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহনের প্রসার এবং মেট্রো রেলের পরিধি বাড়ানো হয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে এবং যুদ্ধের প্রভাব ন্যূনতম পর্যায়ে রাখতে কয়লা, এলপিজি ও এলএনজি আমদানিতে বৈচিত্র্য আনা হয়েছে বলে তিনি জানান।

সংকট মোকাবিলায় বর্তমানে ৪১টি দেশ থেকে জ্বালানি আমদানি করছে ভারত। আমদানিকৃত পণ্যবাহী জাহাজগুলোও নিরাপদেই দেশে পৌঁছাচ্ছে বলে প্রধানমন্ত্রী নিশ্চিত করেন। দেশীয় স্তরে গ্যাসের উৎপাদন বৃদ্ধি এবং পেট্রল-ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। গ্রীষ্মের দাবদাহ শুরু হওয়ার আগেই রবিবার এক উচ্চপর্যায়ের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *