ইডির তলব এড়াতে পার্থর ‘অসুস্থতা’র ঢাল, আবেদন খারিজ করে ফের হাজিরার নির্দেশ

ইডির তলব এড়াতে পার্থর ‘অসুস্থতা’র ঢাল, আবেদন খারিজ করে ফের হাজিরার নির্দেশ

স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সিজিও কমপ্লেক্সে হাজিরা এড়ানোর চেষ্টা ব্যর্থ হল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিজিও কমপ্লেক্সের বদলে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদের জন্য তিনি ইডির কাছে যে আবেদন জানিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা খারিজ করে দিয়েছে। ইডি সূত্রের খবর, তদন্তের স্বার্থে অভিযুক্তকে দপ্তরে বসিয়ে নথিপত্র সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, যা বাড়িতে সম্ভব নয়।

দীর্ঘ জেলবাসের পর সম্প্রতি শর্তসাপেক্ষ জামিন পেলেও নিয়োগ দুর্নীতি সংক্রান্ত পৃথক মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ওপর আইনি চাপ বাড়ছে। তদন্তকারী আধিকারিকদের দাবি, প্রাক্তন মন্ত্রীর এই গড়িমসি তদন্ত প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। যেখানে মামলার অন্য অভিযুক্তরা নির্দিষ্ট সময়ে হাজিরা দিয়ে সহযোগিতা করছেন, সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের বারবার অনুপস্থিতিকে ভালো চোখে দেখছে না কেন্দ্রীয় সংস্থা। তাঁর দেওয়া শারীরিক অবস্থার যুক্তিগুলো বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে অসহযোগিতার অভিযোগে ইডি এবার কড়া পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। সূত্রের খবর, আগামী ২০ মার্চ তাঁকে পুনরায় সল্টলেকের দপ্তরে হাজিরার জন্য নতুন নোটিস পাঠানো হচ্ছে। শিক্ষামন্ত্রী থাকাকালীন বিভিন্ন নথিতে তাঁর স্বাক্ষর এবং কমিটির সঙ্গে যোগাযোগের প্রমাণ হাতে থাকায় টাকার উৎস জানতে মরিয়া গোয়েন্দারা। জামিনে থাকাকালীন তদন্তে অসহযোগিতা করলে তাঁর জামিন বাতিলের আবেদন জানানো হতে পারে বলেও আইনি মহলে জল্পনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *