হজম ঠিক করতে ক্যাস্টর অয়েল প্যাচ, ভাইরাল হ্যাকের সত্যতা নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

হজম ঠিক করতে ক্যাস্টর অয়েল প্যাচ, ভাইরাল হ্যাকের সত্যতা নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হজমশক্তি বৃদ্ধি এবং শরীর ডিটক্সিফিকেশনের উপায় হিসেবে ‘ক্যাস্টর অয়েল বেলি প্যাচ’ দারুণ ভাইরাল হয়েছে। এই পদ্ধতিতে তলপেটে ক্যাস্টর অয়েল ভেজানো কাপড়ের প্যাচ কয়েক ঘণ্টা বা সারারাত রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দাবি করা হচ্ছে, এতে কোষ্ঠকাঠিন্য ও প্রদাহ কমে এবং ঋতুস্রাবের ব্যথায় আরাম মেলে। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা মনে করেন, নাভির চারপাশে তেল প্রয়োগে রক্তসঞ্চালন বৃদ্ধি ও হজমে কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞান এই ভাইরাল ট্রেন্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। চিকিৎসকদের মতে, ত্বক মূলত একটি সুরক্ষা স্তর যা বাইরের উপাদানকে সহজে ভেতরে প্রবেশ করতে দেয় না। ফলে বাইরে থেকে তেল মালিশ করলেই তা অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ বা হরমোনের জটিল প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলে হজম সংশোধন করবে—এমন কোনো জোরালো বৈজ্ঞানিক প্রমাণ নেই। সাময়িক আরাম মিললেও এটি কোনো স্থায়ী চিকিৎসা নয়।

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, দীর্ঘক্ষণ এই প্যাচ ব্যবহারে ত্বকে র‍্যাশ, ব্রণ বা অ্যালার্জি হতে পারে। বিশেষ করে সংবেদনশীল ত্বক ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহারের আগে সাবধানতা জরুরি। স্বাস্থ্য রক্ষায় সোশ্যাল মিডিয়ার অনির্ভরযোগ্য শর্টকাট এড়িয়ে দীর্ঘমেয়াদী সমস্যার জন্য সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার বার্তাই দিয়েছেন চিকিৎসকরা। সঠিক জীবনযাপন ও খাদ্যাভ্যাসই সুস্থ থাকার আসল চাবিকাঠি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *