মুর্শিদাবাদে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার: বিধানসভা ভোটের আগে রেজিনগরে ছড়ালো তীব্র আতঙ্ক

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। সোমবার সকালে জেলার রেজিনগর থানার ছেতিয়ানী ঘোষপাড়া এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছ থেকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। রবিবার রাতে অন্ধকারের সুযোগ নিয়ে কে বা কারা এই বোমাগুলি মজুত করে রেখেছিল, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং এলাকাটি ঘিরে ফেলে দ্রুত বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ছেতিয়ানি ঘোষপাড়ায় এর আগেও একাধিকবার বোমা উদ্ধার ও বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে একটি স্থায়ী পুলিশ ফাঁড়িও তৈরি করা হয়েছিল। তবে কড়া নিরাপত্তার ঘেরাটোপ থাকা সত্ত্বেও জনবহুল এলাকায় পুনরায় বোমা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা ও এলাকার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও নির্বাচনকালীন ভীতি ছড়িয়েছে।
অন্যদিকে, নির্বাচনের রণকৌশল সাজাতে কোমর বেঁধে মাঠে নেমেছে বিজেপি। রবিবার সকালে এগরার স্মশানকালী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন প্রার্থী দিব্যেন্দু অধিকারী। এদিন এগরার এক কর্মীসভায় বর্ষীয়ান নেতা শিশির অধিকারীর উপস্থিতিতে বুথ স্তরের কর্মীদের চাঙ্গা করা হয়। বঞ্চনা ও দুর্নীতির অবসান ঘটিয়ে এগরাকে সন্ত্রাসমুক্ত করার ডাক দিয়েছেন গেরুয়া শিবিরের নেতৃত্বরা। অধিকারীদের পারিবারিক প্রভাব ও মোদী হাওয়াকে সঙ্গী করেই এই কেন্দ্রে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি।